উন্নয়নশীল দেশগুলোর জন্য ন্যায্য অর্থায়ন নিশ্চিতে বৈশ্বিক আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান

উন্নয়নশীল দেশগুলোর জন্য ন্যায্য অর্থায়ন নিশ্চিতে বৈশ্বিক আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান
global-financial-framework-reform-titumir

উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, ন্যায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত ‘লিডিং এসডিজি অ্যাকশন’ শীর্ষক লিডার্স ডায়ালগে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

ড. তিতুমীর বলেন, বৈশ্বিক উন্নয়ন কাঠামোকে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি করতে সম্মিলিত এবং ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। এমন একটি আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যা উন্নয়ন কার্যক্রমে অর্থের জোগান দেওয়ার পাশাপাশি সেই উন্নয়নকে টেকসই করার উপযোগী পরিবেশও নিশ্চিত করবে।

বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় পাঁচ অগ্রাধিকার

আন্তর্জাতিক আর্থিক কাঠামো এবং বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোর কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার লক্ষ্যে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।

এর মধ্যে রয়েছে সংকট সৃষ্টি হওয়ার পর প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে আগাম ঝুঁকি শনাক্ত ও তা মোকাবিলায় সক্ষম আর্থিক ব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর নীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ঝুঁকিপ্রবণ দেশগুলোর প্রতিনিধিত্ব ও মতামতের গুরুত্ব বাড়ানোর ওপর জোর দেন তিনি।

আরও পড়ুনঃ শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের স্বাক্ষরিত ১০১টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনার খবরের বিষয়ে প্রতিক্রিয়া

এ ছাড়া উন্নয়নশীল দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদি, কম ব্যয়ের ও ন্যায্য অর্থায়নের সুযোগ সৃষ্টি, জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে আন্তর্জাতিক অর্থায়নের সমন্বয় বৃদ্ধি এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর্যায়ে প্রয়োজনীয় নমনীয় সহায়তা ও অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার কথা বলেন ড. তিতুমীর।

‘এসডিজি ভিলেজ’ উদ্যোগের উদাহরণ বাংলাদেশের

তৃণমূল পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের ‘এসডিজি ভিলেজ’ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

ড. তিতুমীর বলেন, স্থানীয় জনগণের প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় নবায়নযোগ্য জ্বালানি, নিরাপদ পানি ও স্যানিটেশন, কর্মসংস্থান ও জীবিকার সুযোগ, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল সেবা এবং জলবায়ু সহনশীলতা—এসব বিষয়কে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ রয়েছে।

লিডার্স ডায়ালগে ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট তেরেসা রিবেরা, বেনিনের অর্থনীতি ও অর্থমন্ত্রী আরিস্তিদ মেদেনু এবং পানামার সামাজিক উন্নয়নমন্ত্রী বিয়াত্রিস কার্লেস দে আরাঙ্গো অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশনের শেরউইন ব্রাইস-পিস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।