ডেঙ্গু প্রতিরোধে ঢাকার ২০ জোনে বিশেষ তদারকি কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার ২০ জোনে বিশেষ তদারকি কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে ঢাকার ২০ জোনে বিশেষ তদারকি কমিটি গঠন

ঢাকা মহানগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, খাল পুনঃখনন এবং বৃক্ষরোপণের অগ্রগতি নিশ্চিত করতে ২০টি বিশেষ তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২০টি জোনে এসব কমিটি কাজ করবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি আনতে রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

ঢাকা উত্তর ও দক্ষিণে ১০টি করে কমিটি

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আরও ১০টি জোনাল তদারকি কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব কমিটির নেতৃত্ব দেবেন।

কমিটিগুলোতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, মেট্রোপলিটন পুলিশ এবং দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা থাকবেন। এ ছাড়া প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল উইং ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদেরও যুক্ত করা হবে। কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটিগুলোর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখার সিদ্ধান্ত হয়েছে।

কার্যক্রম তদারকিতে উচ্চপর্যায়ের মনিটরিং কমিটি

২০টি জোনাল কমিটির কাজ পর্যবেক্ষণ, পরিচালনা ও সমন্বয়ের জন্য গঠন করা হবে একটি উচ্চপর্যায়ের মনিটরিং কমিটি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

মনিটরিং কমিটিতে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, সিটি করপোরেশনের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা এবং ঢাকা ওয়াসা, স্বাস্থ্যসেবা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।

পরিচ্ছন্নতা ও মশক নিধনে বিশেষ গুরুত্ব

সিদ্ধান্ত অনুযায়ী, জোনাল কমিটিগুলো সরেজমিনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও তদারকি করবে। পাশাপাশি খালের সীমানা চিহ্নিত করা, পুনঃখনন কার্যক্রম ত্বরান্বিত করা এবং মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করবে।

স্থানীয় সরকার বিভাগের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে ডেঙ্গু প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা, খাল পুনরুদ্ধার ও নগরীর পরিবেশ উন্নয়নে কার্যকর অগ্রগতি অর্জন করা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।