বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনমানুষের কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে ৪৬তম বছরে পদার্পণ করেছে যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার। এ উপলক্ষে বেনাপোলে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বেনাপোল পৌরসভার সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
দৈনিক রানার পত্রিকার বেনাপোল প্রতিনিধি ফোরকান জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম।
প্রধান অতিথির বক্তব্যে নিয়াজ মাখদুম বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক রানার আগামী দিনেও পাঠকের আস্থা ধরে রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আজিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক গিয়াস উদ্দিন (উপ-পরিচালক ট্রাফিক),বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান, বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম ও সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর ২ নং সহ সভাপতি আব্দুল্লাহ আল সাজিদ হাসনাত সাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সভাপতি আহমেদ আলী শাহীন, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন, বেনাপোল আলোকিত নারী সংগঠনের সাধারণ সম্পাদক মমতাজ বেগমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র শুধু খবর প্রকাশের মাধ্যম নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দায়িত্বশীল সাংবাদিকতা মানুষের অধিকার প্রতিষ্ঠা, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সংবাদ পরিবেশনে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।
বক্তারা দৈনিক রানারের দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সংবাদমাধ্যমের দায়িত্বও বেড়েছে। দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্যের সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠতা যেন কোনোভাবেই উপেক্ষিত না হয়। পাঠকের বিশ্বাস অর্জনই একটি সংবাদপত্রের সবচেয়ে বড় শক্তি।
১৯৮০ সালে প্রতিষ্ঠিত দৈনিক রানার ৪৫ বছরের পথচলা পেরিয়ে ৪৬তম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনমানুষের কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে কাজ করে আসছে। সভাপতির বক্তব্যে এমনটি আলোচনায় তুলে ধরেন অনুষ্ঠানের আয়োজক ফোরকান জামান।
অনুষ্ঠানের শেষপূবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা। নতুন বছরে পত্রিকাটির আরও সমৃদ্ধি, পাঠকপ্রিয়তা ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করেন উপস্থিত ব্যক্তিরা।





