দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা কমানোর নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে ব্যবসাসংক্রান্ত সরকারি সেবাগুলো সমন্বিত ও ব্যবহারবান্ধব করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ নিয়ে আয়োজিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) এবং ইনভেস্ট বাংলাদেশ অথোরিটির (আইবিএ) কর্মকর্তারা অংশ নেন। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানও উপস্থিত ছিলেন।
বৈঠকে ব্যবসা নিবন্ধন, বিভিন্ন অনুমোদন গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকারি সেবা পাওয়ার বিদ্যমান প্রক্রিয়াগুলো পর্যালোচনা করা হয়। উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সেবা গ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ধাপ, সময় ও জটিলতা কীভাবে কমানো যায়, সে বিষয়েও আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা কমানো গেলে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগও উৎসাহিত হবে। এ জন্য সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে।
তিনি বলেন, ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সেবাগুলো ধাপে ধাপে ডিজিটাল ও সমন্বিত ব্যবস্থার আওতায় আনতে হবে। একই সঙ্গে সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
বৈঠকে ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বর্তমান কার্যক্রম, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেবা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়, বিজনেস বাংলাদেশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।





