বেনাপোলের পল্লীতে দুই ভাইয়ের জমি বিরোধে উঠানে বাঁশের বেড়া, দুর্ভোগে পরিবার

বেনাপোলের পল্লীতে দুই ভাইয়ের জমি বিরোধে উঠানে বাঁশের বেড়া, দুর্ভোগে পরিবার
বেনাপোলের পল্লীতে দুই ভাইয়ের জমি বিরোধে উঠানে বাঁশের বেড়া, দুর্ভোগে পরিবার
যশোরের বেনাপোল পোর্ট থানার পল্লীতে দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির উঠানের মাঝখানে বাঁশের বেড়া দিয়ে চলাচল সীমিত করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে গত এক সপ্তাহ ধরে চরম দুর্ভোগে পড়েছে একটি পরিবার।
বেড়ার কারণে পরিবারের স্বাভাবিক চলাচল, গরু-ছাগল পালন এবং ছেলের উপার্জনের একমাত্র বাহন ইজিবাইক বাড়িতে প্রবেশ ও বের করতে সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক করেও বিরোধের সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী মশিয়ার মল্লিক।
রবিবার (১ নভেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের শাখারিপোতা এলাকার রায়পুর গ্রামে নিজ বাড়ির উঠানে দেওয়া বাঁশের বেড়া দেখিয়ে পরিবারের দুর্ভোগের কথা তুলে ধরেন মশিয়ার মল্লিক। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মশিয়ার মল্লিক জানান, আট শতক পৈতৃক ভিটায় স্ত্রী, দুই সন্তান ও সদ্য বিবাহিত ছেলের স্ত্রীকে নিয়ে তার বসবাস। বাবা সাহেব আলী মল্লিকের মৃত্যুর পর মা, চার ভাই ও পাঁচ বোনের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগ হয়। বড় ভাই আতিয়ার মল্লিকের দুই শতক জমি বাদে নিজের অংশ এবং অন্য ভাই-বোনদের কাছ থেকে জমি কিনে বর্তমানে তিনি ছয় শতক জমির মালিক। বাকি দুই শতকের মালিক আতিয়ার মল্লিক।
মশিয়ারের অভিযোগ, বড় ভাইয়ের দুই শতক জমি কেনা কিংবা বিনিময়ের জন্য তিনি একাধিকবার প্রস্তাব দিয়েছেন। কিন্তু তাতে সাড়া না দিয়ে এক সপ্তাহ আগে নিজের ঘরের সামনে দিয়ে লম্বালম্বিভাবে বাঁশের বেড়া দিয়ে উঠান ঘিরে দেন আতিয়ার। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল সীমিত হয়ে পড়েছে। গরু-ছাগল পালন, বাড়িতে যাতায়াত এমনকি ছেলের একমাত্র উপার্জনের বাহন ইজিবাইক বাড়িতে প্রবেশ করানো ও বের করতেও সমস্যায় পড়তে হচ্ছে। সদ্য বিবাহিত ছেলের স্ত্রী ও আত্মীয়স্বজনের সামনে তাকে হেয় করতেই এভাবে বেড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে শাখারিপোতা-রায়পুর ওয়ার্ডের স্থানীয় মাতবর মাজেদুল, মকলেসুর রহমান, খালেক ও সালাউদ্দিনসহ এলাকাবাসী জানান, বাড়ির ঘরের সামনে দিয়ে বাঁশের বেড়া দেওয়ায় মশিয়ারের পরিবার চরম দুর্ভোগে রয়েছে। বিষয়টি মীমাংসার জন্য গ্রামবাসী একাধিকবার উদ্যোগ নিয়ে সালিশ-বৈঠক করেছেন। কিন্তু বিভিন্ন মহলের ইন্ধনে আতিয়ার মল্লিক বেড়া সরাতে কিংবা বিরোধের সমাধানে রাজি হচ্ছেন না বলে তাদের অভিযোগ।
তারা আরও বলেন, এভাবে বিরোধ চলতে থাকলে যেকোনো সময় দুই ভাই কিংবা তাদের পরিবারের সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তাই বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। এ কারণে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি তুলে ধরে আইনি প্রতিকার চাচ্ছে ভুক্তভোগী পরিবার।
অভিযুক্ত আতিয়ার মল্লিকের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তিনি বাড়ির বাইরে থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী আরজিনা খাতুন বলেন, প্রায় ১২ বছর ধরে মানবিক কারণে তাদের বাড়ির উঠানে কোনো বাঁশের বেড়া দেওয়া হয়নি। বাড়ির পাশের রাস্তার ধারে পৈতৃক সূত্রে পাওয়া একটি পুকুর রয়েছে, যাতে মশিয়ারেরও অংশ আছে। মশিয়ার ওই পুকুরের সম্পদসহ সমপরিমাণ সম্পদ তাদের নামে লিখে দিলে তারা মশিয়ারকে তার বাড়ির অংশ লিখে দিতে রাজি আছেন।
তিনি আরও বলেন, তার স্বামী খারাপ মানুষ নন। মশিয়ার সরাসরি ভাইয়ের কাছে না এসে বহিরাগতদের দিয়ে সালিশ-বৈঠক করানোয় তিনি ক্ষুব্ধ হয়েছেন। এ কারণেই এক সপ্তাহ আগে উঠানে বাঁশের বেড়া দিয়েছেন।
শাখারিপোতা-রায়পুর ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত আলী বলেন, দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধের কারণে মশিয়ার মল্লিকের পরিবার চরমভাবে দুর্ভোগে পড়েছে। আমরা স্থানীয়ভাবে একাধিকবার বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু এখনো সমাধান হয়নি। এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই সংঘাত এড়াতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ শহিদুজজামান উজ্জ্বল 

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।