বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে সব জাতিগোষ্ঠীকে সম্পৃক্ত করার ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান: মন্ত্রী সাচিং প্রু জেরী

বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে সব জাতিগোষ্ঠীকে সম্পৃক্ত করার ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান: মন্ত্রী সাচিং প্রু জেরী
বাংলাদেশি জাতীয়তাবাদ ও জাতিগোষ্ঠী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর আদর্শের মাধ্যমে দেশের সব জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

শনিবার (১০ অক্টোবর) ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সেমিনার হলে সমতলের নৃগোষ্ঠী ও বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতি, ধর্ম ও বর্ণের পার্থক্য ভুলে দেশের প্রতিটি অঞ্চলে বসবাসরত সব জাতিগোষ্ঠীকে জাতীয় জীবনের মূলধারায় যুক্ত করার ক্ষেত্রে জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা ঐতিহাসিক ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম কিংবা সমতল—দেশের যেখানেই বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করুক না কেন, তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, আধুনিক শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নে সরকার আন্তরিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ‘রেইনবো নেশন’-এর ধারণাকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী পার্বত্য ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক অবস্থা, সংস্কৃতি এবং সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলের প্রতিনিধিদের উত্থাপিত দাবি ও প্রস্তাবের বিষয়ে সাচিং প্রু জেরী বলেন, এসব সমস্যা সম্পর্কে সরকার সচেতন। প্রতিনিধিদলের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারি দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ বিবেচনা করবে।

মতবিনিময় সভায় সমতলের নৃগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের জীবনযাত্রা, শিক্ষা, সংস্কৃতি সংরক্ষণ এবং ভূমি-সম্পত্তিসংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সরকার ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দল ও সমতলের নৃগোষ্ঠী সংগঠনের সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক শিশির দিওসহ দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।