শিক্ষামন্ত্রীর সঙ্গে ভ্যাটিকানের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে ভ্যাটিকানের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ভ্যাটিকানের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ এবং নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্য ড. চার্লস গর্ডন। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ভ্যাটিকানের প্রতিনিধিদল বাংলাদেশে ক্যাথলিক মিশন পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে নারী শিক্ষার প্রসার এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিস্তারে এসব প্রতিষ্ঠানের ঐতিহাসিক ভূমিকার বিষয়টিও তুলে ধরেন তারা।

বৈঠকে বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে অত্যন্ত দৃঢ় ও চমৎকার সম্পর্ক রয়েছে। শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর মাধ্যমে দুই পক্ষের এই সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।