গ্রামবাংলার উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মো. আজিম হোসেন।
‘গ্রাম বাংলার উন্নয়নের পথে একসাথে’ এই মূল স্লোগানকে সামনে রেখে তিনি এলাকার মানুষের পাশে থেকে সার্বিক সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাঁর এই প্রার্থী ঘোষণায় পুরো ওয়ার্ডজুড়ে ভোটারদের মাঝে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে।
একটি এলাকার প্রকৃত উন্নয়ন কেবল রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয় এই উপলব্ধি ধারণ করে মো. আজিম হোসেন ৮নং ওয়ার্ডকে একটি উন্নত, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান। নির্বাচিত হলে তিনি এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ড্রেনেজ ও পানি নিষ্কাশনব্যবস্থার আধুনিকায়ন এবং জনসাধারণের চলাচলের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন।
এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে একটি বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্য রয়েছে তাঁর। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেমন- বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য সহায়তা প্রকৃত ও দরিদ্র উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।
এ ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং কোনো ধরনের স্বজনপ্রীতি বা বৈষম্য দূর করতে কঠোর দায়িত্বশীল ভূমিকা পালনের ঘোষণা দিয়েছেন এই প্রার্থী। বিশেষ করে কর্মহীন, দরিদ্র ও অসহায় মানুষের সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে তিনি সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। ওয়ার্ডের সার্বিক উন্নয়নে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দিচ্ছেন মো. আজিম হোসেন।
মাদক, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরি করতে চান তিনি। পাশাপাশি এলাকার মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা এবং স্থানীয় পর্যায়ে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে তাঁর ইতিবাচক ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় ভোটারদের মতে, আজিম হোসেন মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডে দীর্ঘদিন ধরে আটকে থাকা উন্নয়নমূলক কাজগুলো গতি পাবে এবং জনগণের প্রত্যাশা অনেকাংশেই পূরণ হবে। নির্বাচনকে সামনে রেখে তিনি বর্তমানে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের কথা শুনছেন।
মেম্বার প্রার্থী মো. আজিম হোসেন তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি ও লক্ষ্য ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার গদখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা আমার মূল লক্ষ্য। ক্ষমতার মোহে নয়, জনগণের সুখে-দুঃখের সত্যিকারের সেবক হতে আমি নির্বাচনে অংশ নিচ্ছি।
নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, পানি নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধান এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে ক্রীড়া ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করব।
তিনি আরও বলেন, সরকারের সকল সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক সুযোগ-সুবিধা কোনো ধরনের স্বজনপ্রীতি ছাড়াই প্রকৃত উপকারভোগীর দোরগোড়ায় পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। এলাকার প্রতিটি উন্নয়নকাজে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। গ্রামবাংলার এই উন্নয়নের যাত্রায় ৮নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।





