স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে তারা আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩২ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সেবায় তাদের ভূমিকা আরও কার্যকর করতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। জনগণের সেবার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। তিনি বলেন, গ্রাম পুলিশ ইউনিয়ন পর্যায়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করেন। তাদের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে। নিজ নিজ কর্ম এলাকায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য তিনি গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান মুকুল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না।
এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন, কার্তিক বেপারীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে দায়িত্ব পালনকারী ৩২ জন গ্রাম পুলিশের মাঝে এসব বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়।





