সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের মনোহর বাজার সংলগ্ন চর মধ্যপাড়া এলাকা থেকে বুধবার সন্ধ্যা ৭টায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলেন এমারত রাড়ি (৩০) ও আঃ হাকিম মৃধা (৫৪)। এ সময় আটককৃতদের কাছ থেকে ২শত পিস ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পালং মডেল থানায় মামলা হয়েছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার চর মধ্যপাড়া গ্রামের মৃত আলী আজগর রাড়ির ছেলে এমারত রাড়ি ও পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আসপদ্দি গ্রামের মৃত শাখাওয়াত মৃধার ছেলে আঃ হাকিম মৃধা। আঃ হাকিম মৃধা চিতলিয়া গ্রামের মৃত নুরুল হক মোল্যার জামাতা। এমারত ও হাকিম বহুদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে চরমধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী এমারতের বাড়িতে মাদক সেবন কালে দুজনকে আটক করা হয়। তখন তাদের কাছে ২শত পিস ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ পাওয়া পাওয়া যায়। মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন ডিবি এসআই শাহ জাহান মোল্যা। সঙ্গে ছিলেন, কনস্টবল বাচ্চু মোল্যা, রবিউল ইসলাম, আশিকুজ্জামান, রাকিবুল ইসলাম, ঝন্টু সরকার।