মেহেরপুর প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় মেহেরপুর সদর উপজেলার রেজিষ্ট্রি অফিসের দুই সাব-রেজিষ্টার আব্দুর রশিদ মন্ডল ও শাহিদুর রহমানকে জামিন দিয়েছে আদালত। সোমবার বিকাল ৩ টার দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান এ আদেশ দেন।
জামিন পাওয়া দুই সাব রেজিস্টার হলেন, ঝিনাইদহ উপজেলার মহেষপুর উপজেলার সাব রেজিষ্টার শাহিদুর রহমান এবং নড়াউল সদর উপজেলার সাব রেজিষ্টার আব্দুর রশিদ মন্ডল। তারা দুজনই এর আগে মেহেরপুর সদর উপজেলা রেজিষ্ট্রি অফিসে সাব-রেজিষ্টার হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহারে জানা গেছে,মেহেরপুর সদর উপজেলাধীন বিভিন্ন মৌজার সরকারী খাস জমি ১৮ জন ভূমিহীনের নামে বন্দোবস্ত করার জন্য দলিলের রেজিষ্ট্রেশন কাজে জালিয়াতি করা হয়েছে। ওই দলিলগুলো হস্তলিপি বিশারদ দিয়ে দাতার স্বাক্ষর পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়। এই জন্য দলিলগুলো সদর সাব রেজিষ্টার মেহেরপুরের হেফাজতে থাকায় ওই দলিলগুলো জব্দ করে পরীক্ষা নিরীক্ষা করার জন্য বারবার সাব রেজিষ্টার সদর বরাবর চিঠি পাঠানো হয়।
কিন্তু অভিযুক্ত দুই সাবরেজিস্টার দলিলগুলো সরবরাহ না করে তদন্ত কাজে বিঘ্ন সৃষ্টি করেন। যা দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ১৯(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এই অপরাধে সাব রেজিষ্টার দুইজনের বিরুদ্ধে তদন্ত করতে দূর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় খুলনার স্মারকে কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল গাফফারকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে গত ১৬ আগষ্ট নিয়োগ করা হয়।
ওই তদন্ত কাজে গত রোববার সকালে দুর্ণীতি দমন কমিশনের (দুদক)কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ে সাব রেজিষ্টার আব্দুর রশিদ মন্ডল এবং সাব রেজিষ্টার শাহিদুর রহমান হাজিরা দিতে গেলে তাদের আটক করা হয়। পরে দুপুরে দুদকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ে উপ-পরিচালক আব্দুল গাফফার বাদি হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দিয়ে তাদের হস্তান্তর করেন।
পরে কোর্ট পরিদর্শকের মাধ্যমে ওই দিন বিকাল ৫টার দিকে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মো.মহিরুজ্জামান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় সরকার পক্ষে সরকারী কৌশুলী (পিপি) পল্লব ভট্টাচার্য এবং আসামীদের পক্ষে মিয়াজান আলী ও মিনা পাল কৌশুলীর দায়িত্ব পালন করেন।