মাগুরা প্রতিনিধিঃ জাতীয় শোক দিবসে পতাকা উত্তোলনে আপত্তি করায়, মাগুরায় এক মাদরাসার অধ্যক্ষকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
গতকাল দুপুরে, সদর উপজেলার বেরইল এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
এলাকাবাসীর অভিযোগ, জাতীয় শোক দিবসে সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা থাকলেও বেরইল দারুল হুদা সিনিয়র ফাজিল মাদরাসায় তা করা হয়নি। বিষয়টি জানতে পেরে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা, মুক্তিযোদ্ধা আবদুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্যরা অধ্যক্ষের কার্যালয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে, মাদরাসার কর্মচারী নেই দাবি করে পতাকা তুলতে অস্বীকৃতি জানান অধ্যক্ষ আবদুল আজিজ। বারবার অনুরোধ করলেও, পতাকা তুলতে রাজি না হওয়ায় তাকে মারধর করেন বিক্ষুব্ধরা। পরে অধ্যক্ষ আবদুল আজিজকে সত্যজিতপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। পরে তাকে আটক করে মাগুরা সদর থানায় রাখা হলেও, ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ।