সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া ভারতের বিদ্যমান আইন ও আন্তর্জাতিক বিধান অনুসারে পরিচালিত হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় থাকায় দেশে প্রত্যাবর্তনের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আত্মসমর্পণের সুযোগ বা সংশ্লিষ্ট অন্যান্য আইনি বিষয় আদালত ও আইন বিশেষজ্ঞদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করেন।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু মহল বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তার দাবি, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য সরকারকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সাম্প্রতিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি অছাত্রদের অংশগ্রহণের অভিযোগ তুলে তিনি জানান, সরকার সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তিনি দেশবাসীকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলো দায়িত্ব পালন করে যাচ্ছে বলে উল্লেখ করেন।