টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে নওগাঁর মান্দা উপজেলার বোদ্দপুর গ্রামে অবস্থিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সব কয়টি ঘর। প্রকল্পের ১৯৯টি পরিবারের প্রায় ১ হাজার ৫০০ মানুষ এখন সম্পূর্ণ পানিবন্দী অবস্থায় চরম অমানবিক দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনের অবিরাম বৃষ্টিতে আশ্রয়ণ প্রকল্পের পুরো এলাকা প্লাবিত হয়েছে। প্রতিটি ঘরের ভেতর হাঁটু থেকে কোমর সমান পানি থৈ থৈ করছে। আকস্মিক এই বন্যায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে বসবাসরত পরিবারগুলো।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, ঘরে পানি ঢুকে পড়ায় রান্নার সব চুলা সম্পূর্ণ ডুবে গেছে। ফলে গত দুদিন ধরে প্রায় প্রতিটি পরিবারেই রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই।
তীব্র খাদ্য সংকটের পাশাপাশি দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির চরম সংকট। চারদিকে নোংরা পানি থৈ থৈ করায় টিউবওয়েলগুলোও তলিয়ে গেছে, ফলে এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছেন বাসিন্দারা। শিশুরা ক্ষুধার্ত ও অসুস্থ হয়ে পড়ায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে মা-বাবারা চরম দুশ্চিন্তা ও মানবেতর জীবনযাপন করছেন।
আশ্রয়ণ প্রকল্পের একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত দুদিন ধরে আমরা পানির মধ্যে না খেয়ে ভেসে আছি। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার্ত। কিন্তু এখন পর্যন্ত আমাদের খোঁজ নিতে কোনো জনপ্রতিনিধি বা উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা আসেননি।
মেলেনি সরকারি বা বেসরকারি কোনো রকম সাহায্য-সহযোগিতা।” জরুরি ভিত্তিতে এই ১ হাজার ৫০০ বন্যার্ত মানুষের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী।
এ ক্যটাগরির আরো খবর..