অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁওয়ের বিএনপি নেতা হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
গ্রেপ্তার হওয়া হাবিবুল ইসলাম বাবলু ঠাকুরগাঁও চেম্বারের সাবেক সভাপতি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা ছিল। সেই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতে সোপর্দ করা হয়।
মামলার বাদী বাবর আল মাসুদ জানান, ঢাকার একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ২ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন ছিল অভিযুক্তদের। পাওনা টাকা ফেরত না দিয়ে সময়ক্ষেপণ করার পর বাবলু একটি চেক দেন, যা পরে জাল বলে প্রমাণিত হয়। এ ঘটনায় গত বছরের ১৭ ডিসেম্বর প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মো. আজিজ মাহমুদ জানান, গ্রেপ্তারের পর স্বামী-স্ত্রী দুজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।