রাজধানীর ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা ইমু রটোফ্লেক্স পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ ডেমরার আমুলিয়া মডেল টাউনে কার্টুন তৈরির কারখানাটিতে বেলা ১২টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনার সংবাদ পাওয়ামাত্রই মন্ত্রী দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেন।
ঘটনাস্থলে পৌঁছে মন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের জন্য অবিলম্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
মন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসন থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম হুসাইনকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রী কারখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।