সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনি ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশ থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
মন্ত্রী আজ ঢাকায় গুলশানে লেকশোর হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল, বাংলাদেশে আয়োজিত ‘নির্বাচনি ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ : রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে নারী ও শিশু সুরক্ষা একটি অগ্রাধিকারপূর্ণ বিষয়। আমরা শুধু প্রতিশ্রুতি দেইনি, বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। প্ল্যান ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে কাজ করে নারী নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সকলের দায়বদ্ধতা রয়েছে। তিনি আরো বলেন, এদেশে ৫১ শতাংশ নারী ও ৩৩ শতাংশ শিশু সমাজেরই অংশ। এজন্য নারীর ক্ষমতায়ন এবং শিশুদের সুরক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
জাহিদ হোসেন বলেন, সরকার ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ প্রোগ্রামসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যাতে নারী প্রধান পরিবারগুলো সরাসরি সুবিধা পায় এবং স্বাবলম্বী হতে পারে। তিনি বলেন, এদেশে নারী ও শিশু নির্যাতনে যে পরিমাণ আইন রয়েছে, তা অন্য কোনো সভ্য দেশের কোথাও নেই। তিনি ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপর পরিবারের প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা.জাহেদ উর রহমান, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, বিশিষ্ট রাজনীতিবিদ ডাক্তার তাসনিম জারা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।