জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, উন্নয়নের নামে অতীতে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, তার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার এবং সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শুক্রবার রাতে নেত্রকোনার মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলার খালিয়াজুরী ও মোহনগঞ্জ উপজেলায় পদযাত্রায় অংশ নেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংসদের ভেতরে ও বাইরে রাষ্ট্র সংস্কারের দাবিতে সক্রিয় রয়েছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে জবাবদিহির আওতায় আনা হবে।
সম্প্রতি রাষ্ট্রপতির পদত্যাগের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতির বিষয়ে সরকার যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ না দিয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত ছিল।
নাহিদ ইসলাম আরও বলেন, সাবেক রাষ্ট্রপতিকে কোনো ধরনের অজুহাতে দেশত্যাগের সুযোগ দেওয়া উচিত নয় এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আইন অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি আরও দাবি করেন, অতীত সরকারের আমলে সংঘটিত দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং বিভিন্ন সহিংস ঘটনার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার এবং জুলাইয়ের আন্দোলনে নিহতদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।
পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলমও বক্তব্য দেন। এ সময় তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে নেত্রকোনা পৌরসভার মেয়র পদে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নেতা মো. সোহাগ মিয়া (প্রীতম সোহাগ)-এর নাম ঘোষণা করেন।
সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।