স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাপনা এবং জাতীয় নির্বাচন পদক নীতিমালা নিয়েও সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর নির্বাচন ভবনে কমিশনের ১৩তম সভা শুরু হওয়ার কথা জানানো হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভায় নির্বাচন কমিশনারদের পাশাপাশি ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ও সময় নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাবে।
এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম আরও গতিশীল করতে কর্মকর্তাদের মধ্যে ক্ষমতা অর্পণ ও বণ্টন নিয়ে আলোচনা হবে।
সভায় ইসির পার্সোনালাইজেশন সেন্টারে এনআইডি কার্ড ছাপানো ও ব্যবস্থাপনায় ব্যবহৃত যন্ত্রপাতির বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ এবং জমে থাকা কার্ড ছাপানোর কাজ দ্রুত শেষ করার বিষয়েও পর্যালোচনা করা হবে। পাশাপাশি বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন এবং এ-সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির কার্যবিবরণী নিয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয় রয়েছে।
এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ও সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।
তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।





