রাউজানে দুই পরিবারের ঘরে আগুন, পুড়ল পূজার নতুন কাপড়সহ সবকিছু

রাউজানে দুই পরিবারের ঘরে আগুন, পুড়ল পূজার নতুন কাপড়সহ সবকিছু
রাউজানে দুই পরিবারের ঘরে আগুন, পুড়ল পূজার নতুন কাপড়সহ সবকিছু

দুর্গাপূজার উৎসব শুরু হওয়ার আগেই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছে চট্টগ্রামের রাউজানের দুই পরিবার। আগুনে পুড়ে গেছে বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, দুটি গরু ও পূজার জন্য কেনা নতুন কাপড়।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁদের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘরগুলোতে আগুন দিয়েছে।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাম দয়াল মাঝির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নারায়ণ চৌধুরী ও বিজয় চৌধুরী জানান, আগুনে তাঁদের বসতঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ও পূজার সামগ্রী রক্ষা করা সম্ভব হয়নি।

নারায়ণ চৌধুরী বলেন, তাঁদের দুটি ঘর আগুনে পুড়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, গরু ও পূজার জন্য কেনা নতুন কাপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা সর্বস্ব হারিয়েছেন।

বিজয় চৌধুরীর অভিযোগ, তাঁদের বসতঘর ও পাশের খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। একই সময়ে অন্য একটি বাড়িতেও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। তাঁর দাবি, পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটানো হয়েছে।

ক্ষতিগ্রস্তদের ভাষ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে নগদ ৩০ হাজার টাকা, আসবাবপত্র, দুটি গরু এবং অন্যান্য মালামাল পুড়ে গেছে। সব মিলিয়ে তাঁদের ক্ষতির পরিমাণ অন্তত ১৫ লাখ টাকা।

দুর্গাপূজা উপলক্ষে দুই পরিবারেই চলছিল উৎসবের প্রস্তুতি। কেনা হয়েছিল নতুন পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী। কিন্তু আগুনে সবকিছু হারিয়ে এখন শোক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের। উৎসবের আনন্দের বদলে পরিবার দুটিতে নেমে এসেছে হতাশা।

এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাউজান ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন ঢাকা পোস্টকে বলেন, রাত ৩টার দিকে তাঁরা আগুন লাগার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেন। একাধিক স্থানে আগুন থাকায় তা নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের দাবি, পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিসংযোগের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।