সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে ‘সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় তুলাসার ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
তুলাসার ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন তুলাসার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ ফকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান।
উপস্থিত ছিলেন তুলাসার ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিএম আনিছুর রহমান, সাবেক চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন ফকির, ইউপি সদস্য ইসমাইল হোসেন, নুর আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় আলেম ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন তুলাসার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ।
সভাপতির বক্তব্যে তুলাসার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ ফকির বলেন, ‘দেশে একটি সংগঠন আছে ‘জঙ্গি’ নামে। সেই দিকে সবার খেয়াল রাখতে হবে। আমরা যেন কেউ জঙ্গি না হই। ইসলামকে ধ্বংস করার জন্য সমাজে মুসলমানদের সাথে বিভিন্ন ছলচাতুরীর মাধ্যমে মিশে গেছে জঙ্গি সংগঠনের নাম ধারী মুসলমানরা। ইসলাম শান্তির ধর্ম। মানুষ হত্যা করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে হবে এরকম কথা কোরান হাদিসের কোথাও নাই। প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। পরিবারের সন্তানরা কোথায় যাচ্ছে কখন কার সাথে মেলামেশা করছে সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে।’