স্টাফ রিপোর্টার: মালঞ্চ পরিবহণ সূত্রাপুরের লোহারপুল-কাঠেরপুল এলাকা থেকে মোহাম্মদপুর ও ঘাটারচর পর্যন্ত চলাচল করে। যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সদরঘাট থেকে যে বাস সার্ভিস সদরঘাট-গুলিস্তান-সাইন্স ল্যাবরেটরি-গাবতলী চলাচল করে তারা গুলিস্তানের ভাড়া নেয় ৫ টাকা। সাইন্স ল্যাবরেটরির ভাড়া নেয় ১০/১২ টাকা।
কিন্তু মালঞ্চ বাস সার্ভিস কাঠেরপুল থেকে গুলিস্তানের ভাড়া আদায় করছে ১৫ টাকা। সাইন্স ল্যাবরেটরির ভাড়া আদায় করছে ২৫ টাকা। যা সদরঘাটের বাস সার্ভিসের চেয়ে দ্বিগুণ।
মালঞ্চ পরিবহণ সরকারিভাবে জারি করা ভাড়ার তালিকাও ব্যবহার করছে না। মানছে না সরকারি কোনো নিয়ম-কানুন।
বাস মালিকদের ইচ্ছামাফিক চলছে এই বাসগুলো। ভাড়াও আদায় করছে তাদের ইচ্ছামতো।
ঈদুল আযহার আগেও সাইন্স ল্যাবরেটরি পর্যন্ত ভাড়া নিত ২০ টাকা। কিন্তু ঈদুল আযহার পর ৫ টাকা ভাড়া বৃদ্ধি করে সাইন্স ল্যাবরেটরির ভাড়া আদায় করছে ২৫ টাকা।
সরকার জ্বালানি তেলের দাম কমালেও মালঞ্চ পরিবহণ উল্টো বাসের ভাড়া বৃদ্ধি করে দিয়েছেন।
এ রোডের যাত্রীরা একমাত্র মালঞ্চের ওপর নির্ভরশীল হওয়ার কারণে তাদের এই অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে বলে জানা যায়।
ধূপখোলা মাঠ থেকে এক সময় ১৩নং বাস চলাচল করতো। কিন্তু মালঞ্চ পরিবহণের জন্য তারা এ রুটে আর বাস চালাতে পারছে না। মালঞ্চ পরিবহণ একক আধিপত্য বিস্তার করে এই রুটে আর কোনো পরিবহণ ঢুকতে দিচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।
১৩নং বাস সরকারি তালিকা অনুযায়ী ভাড়া আদায় করতো। এ বাসে যা ভাড়া নিতো তার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করছে মালঞ্চ পরিবহণ।
এ এলাকার ভুক্তভোগী যাত্রীরা এই বৈষম্য দূর করার জন্য যোগাযোগমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন।