প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় পদক্ষেপ ও সময়োপযোগী সঠিক দিক-নির্দেশনার কারণে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। নেত্রীর অক্লান্ত শ্রম, মেধা ও প্রজ্ঞার কারণে ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে রপান্তরে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। বলেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্।
বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সর্বাত্মক সফল করতে আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে উপজেলার তৃণমূল জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীদের এক সমাবেশে এসব কথা বলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিরঞ্জীব আদর্শ, বর্ণাঢ্য জীবন ও কর্ম সমাজের সর্বস্তরে প্রতিফলন ঘটিয়ে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ পরবর্তী গণতন্ত্রহীনতা, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তির দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করে বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে সুমহান উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার অবদানসমূহকে স্বীকৃতিদানের জন্য জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে । বর্তমান সরকার দক্ষিণ বাংলার মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। এ অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সমর্থন দান অব্যাহত রাখতে হবে।