যশোরের শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জুন) দুপুরে শার্শা উপজেলা পরিষদ চত্বরের সামনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে দাবি করা হয়, “আওয়ামী লীগের লালিত ১৬ বছরের শার্শার ত্রাস, বাহিনী প্রধান, মাদক সম্রাট ও চোরাচালানকারী মশিয়ার রহমানের ছেলে, ছাত্রলীগের ক্যাডার পুলিশ কনস্টেবল মামুন হাসান জুয়েল কর্তৃক শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টুর নামে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিন্টুকে হয়রানি করার জন্য এ মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, এরআগে গত ৪ জুন (বৃহস্পতিবার) বিকেলে শার্শার শ্যামলাগাছি গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানের ছেলে ও পুলিশ সদস্য মামুন হাসান জুয়েল-এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ আরও কয়েকজনের বিরুদ্ধে তাকে মারধর ও বিভিন্ন অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। তারই প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, শার্শা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মুজিদসহ শার্শা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ক্যটাগরির আরো খবর..