আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ

আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ

আজ ৮ জুন বিশ্ব ব্রেইন টিউমার দিবস। মারাত্মক এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত রোগীদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে দিনটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ ব্রেইন টিউমারে আক্রান্ত হন। দেশে এই সংখ্যা বছরে প্রায় ৪০ থেকে ৫০ হাজার বলে জানা যায়।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের কোনো নির্দিষ্ট অঞ্চলের কোষ যখন অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, তখন তাকে ব্রেইন টিউমার বলা হয়। এটি যে কোনো বয়সে হতে পারে। তবে ৬ থেকে ৯ বছর বয়সী শিশু এবং ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ঝুঁকি ও মৃত্যুহার তুলনামূলক বেশি।

ব্রেইন টিউমার সাধারণত দুই ধরনের—
বিনাইন (Benign): ধীরে বৃদ্ধি পায় এবং তুলনামূলক কম প্রাণঘাতী।
ম্যালিগন্যান্ট (Malignant): দ্রুত বৃদ্ধি পায় এবং ক্যান্সারজনিত হওয়ায় প্রাণঘাতী।

এছাড়া টিউমারকে উৎস অনুসারে দুই ভাগে ভাগ করা হয়—
প্রাইমারি টিউমার: যা সরাসরি মস্তিষ্কের অভ্যন্তরে সৃষ্টি হয়।
সেকেন্ডারি টিউমার: শরীরের অন্য অংশের ক্যান্সার থেকে ছড়িয়ে মস্তিষ্কে তৈরি হয়; এর মধ্যে ফুসফুস ক্যান্সারের বিস্তার সবচেয়ে বেশি দেখা যায়।

বিশেষজ্ঞরা জানান, প্রাথমিক পর্যায়ে ব্রেইন টিউমারের লক্ষণ অনেক সময় স্পষ্ট থাকে না (silent period)। তবে টিউমারের অবস্থান ও বৃদ্ধির গতির ওপর ভিত্তি করে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি মাথাব্যথা, খিঁচুনি, বমি, অজ্ঞান হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি হ্রাস, কথা জড়িয়ে যাওয়া, আচরণগত পরিবর্তন এবং খাবার গিলতে অসুবিধা ইত্যাদি।

চিকিৎসা পরামর্শ অনুযায়ী, প্রাথমিক লক্ষণগুলো অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে সার্জারি বা রেডিও সার্জারির মাধ্যমে অনেক ক্ষেত্রে রোগ নিয়ন্ত্রণ বা নিরাময় সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম ব্রেইন টিউমারের ঝুঁকি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। তারা আরও বলেন, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণই রোগ থেকে সুস্থ হওয়ার সবচেয়ে কার্যকর উপায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।