× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

প্রায় তিন দশক পরে পৈতৃক বাড়ি পঞ্চুর গ্রামে গেলেন যোগী আদিত্যনাথ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০২২
যোগী আদিত্যনাথ

করোনা অতিমারির তাণ্ডবে প্রাণ কেড়েছিল যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিং। অথচ রাজ্যবাসীর প্রতি কর্তব্য এবং দায়বদ্ধতার কারণে বাবাকে শেষবারের মতো চোখের দেখা দেখতে পাননি। শোকের সময় মায়ের কাছেও ছুটে যেতে পারেননি। মাঝে কেটে গিয়েছে তিন তিনটি বছর। বিপুল ভোটে জয় পেয়ে ফের একবার উত্তরপ্রদেশের মসনদে বসেছেন যোগী। তবে এবার অপেক্ষার অবসান হল তাঁর মায়ের। প্রায় ২৮ বছর পর নিজের পৈতৃক বাড়ি পঞ্চুর গ্রামে পৌঁছেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মঙ্গলবার(৩ মে) যোগী আদিত্যনাথ পৌঁছলেন উত্তরাখণ্ডের পৌরি জেলার যমকেশ্বরের পঞ্চুর নিজের গ্রামে। সেখানে পৈতৃক ভিটেতে তাঁর জন্য অপেক্ষায় বসেছিলেন মা সাবিত্রীদেবী। বাড়ি উঠোনে পা রাখতেই আনন্দে আত্মহারা সাবিত্রীদেবী। মুখ্যমন্ত্রী তখন যেন ঘরের ছেলে। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন যোগী। মাও চোখের জল ধরে রাখতে পারলেন না। বুকে আগলে নিলেন ছেলেকে। মাকে নতুন শাল উপহার দিলেন তিনি। ২৩ কোটি রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী পেলেন মায়ের স্নেহের পরশ। যার জন্য এতগুলি বছর অপেক্ষায় ছিলেন তিনি।

২০২০ সালে বাবাকে কোভিডে হারানোর পর যোগী আদিত্যনাথ বলেছিলেন, ”২৩ কোটি মানুষের প্রতি এই সময় আমি দায়বদ্ধ। তাঁদের সুরক্ষিত রাখা আমার কর্তব্য। তাই বাবার মৃত্যু সংবাদ পেয়েও তাঁকে শেষবারের জন্য দেখেতে যেতে পারছি না।”

জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার রাতটা নিজের গ্রামের বাড়িতেই কাটিয়েছেন তিনি। বুধবার তাঁর ভাগ্নের চুলদানের অনুষ্ঠানে রয়েছে। ২৮ বছর পর বাড়ির অনুষ্ঠানে অংশ নেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বাড়ির কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

পৌরির পঞ্চুর গ্রামের বাসিন্দা যোগী আদিত্যনাথ চমকোটখল অঞ্চলে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। মঙ্গলবার সেই অঞ্চলেরই নিকটে যমকেশ্বরে তিনি নিজের গুরু মহন্ত অভয়দ্যনাথের একটি মূর্তি উন্মোচন করেন। গুরুদেবের কথা স্মরণ করতে গিয়ে কেঁদেও ফেলেন তিনি।

জানা গিয়েছে, ৫ জুন যোগী আদিত্যনাথের জন্মদিন। তাঁর আগে মায়ের থেকে আশীর্বাদ নিয়ে আসবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তিন দিনের উত্তরাখণ্ড সফরে এসেই প্রায় তিন দশক পর নিজের বাড়িতে আসেন যোগী আদিত্যনাথ। সেখানে মায়ের সঙ্গে দেখা করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মায়ের সঙ্গে সেই মুহুর্তের ছবি ক্যাপশনে শুধুমাত্র ওই একটি শব্দ লিখেই সেখানে যেন তিনি ঢেলে দিয়েছেন নিজের সমস্ত অনুভূতি। দীর্ঘদিন পর গৃহত্যাগী ছেলেকে দেখে মায়ের মুখও যে উজ্জ্বল হয়ে উঠেছিল তা আর বলার অপেক্ষা রাখে না।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর মায়ের এহেন ঘনিষ্ঠ আবেগপ্রবণ মুহূর্তের ছবি দেখে স্বভাবতই তা মন কেড়েছে নেটিজেনদের। এই বিশেষ মধুর মুহুর্তের ব্যাপারে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। দীর্ঘ ২৮ বছর পর বাড়ি ফিরে যে খুশি আদিত্যনাথও তা বলাই বাহুল্য।

আগামী বৃহস্পতিবার হরিদ্বারে যাবেন যোগী আদিত্যনাথ। সেখানে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এরপর ওই দিন সন্ধ্যায় লখনউ ফিরে আসবেন যোগী।


এ ক্যটাগরির আরো খবর..