জলবায়ু পরির্বতনের প্রভাবে লাগাতার বৃষ্টির অভাবে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলবাসীর জনজীবন মারাত্মকভাবে বিপর্যয়ের কবলে পরেছে। রমজান মাসে বরিশালে তাপমাত্রার পারদ সর্বোচ্চ পর্যয়ে পৌঁছায় রোজাদার ব্যক্তিসহ শিশু ও বৃদ্ধদের দূর্ভোগ ক্রমেই বেড়ে চলেছে।
স্থানীয় আবহাওয়া অফিসের দায়িত্বশীল একাধিক কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে বরিশালে বৃষ্টিপাতের পরিমান ছিলো স্বাভাবিকের চেয়ে শতভাগ কম। এ সময়ে বরিশাল অঞ্চলে স্বাভাবিক ৫৩ মিলিমিটার বৃষ্টিপাতের কথা থাকলে কোন বৃষ্টি হয়নি। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যাালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুঃসহ গরমের সাথে বৃষ্টির অভাবে সমগ্র দক্ষিণাঞ্চলজুড়ে ডায়রিয়া রোগীর সংখ্যা রেড়ে চলেছে।
গত তিন মাসে দক্ষিণাঞ্চলের শুধু সরকারী হাসপাতালগুলোতে নারী ও শিশুসহ প্রায় ২০ হাজার ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা গ্রহন করেছেন। সরকারী হাসপাতালের বাইরে চিকিৎসা গ্রহনকারীর সংখ্যা আরো বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সর্বশেষ শুক্রবার দুপুরে বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.২ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দশমিক ২ ডিগ্রী বেশী ছিলো। অপরদিকে আবহাওয়া বিভাগ চলতি মাসে দক্ষিণাঞ্চলে স্বাভাবিক ১৩২ মিলিমিটারের স্থলে ১২০ থেকে ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাতের কথা জানালেও মাসের প্রথম ১৫ দিনে কোন বৃষ্টির দেখা মেলেনি। ফলে মাঠে থাকা বোরো এবং আউশ ধান ছাড়াও বিভিন্ন রবি ফসলের ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পেয়েছে।
বৃষ্টির অভাবে অনেক রবি ফসলের উৎপাদন ব্যাহত হবার আশংকা প্রবল হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, পানির অভাবে বিপুল পরিমান বোরো ধান ও আউশের জমিতে সেচ সংকট দেখা দিচ্ছে। এমনকি এবার দক্ষিণাঞ্চলে এ যাবতকালের সর্বাধিক পরিমান জমিতে মৌসুমী ফল তরমুজ আবাদ হলেও বৃষ্টির অভাবে অন্যতম অর্থকারী ফসলের উৎপাদন ব্যাহত হবার আশংকা দেখা দিয়েছে।
বিভাগীয় কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সারাদেশে ৩০ লক্ষাধিক টন তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রর ২০ লাখ টনই আসবে দক্ষিণাঞ্চল থেকে। অপরদিকে চলতি রবি মৌসুমে পৌষের শেষভাগে ঘণ কুয়াশার সাথে তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে নেমে যাওয়ায় বোরো বীজতলা একাধীকবার কোল্ড ইনজুরীর ক্ষতির শিকার হয়েছে।
সূত্রমতে, বরিশাল কৃষি অঞ্চলের ১১ জেলায় চলতি মৌসুমে প্রায় ৩ লাখ ৬৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের মাধ্যমে প্রায় ১৫ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্য রয়েছে। কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিন্মচাপ ‘জাওয়াদ’র প্রভাবে বোরো বীজতলা এবং গোল আলু ছাড়াও উঠতি আমনের সাথে বিভিন্ন রবি ফসলের ক্ষতির পরিমান ছিল প্রায় একশ’ কোটি টাকা। এখন বৃষ্টি বিহীন দুঃসহ গরমে সমগ্র দক্ষিণাঞ্চলের জনজীবনে বিপর্যয়ের সাথে ফসলেরক্ষতি বাড়ছে।
আবহাওয়া বিভাগের মতে, লঘু চাপের বর্ধিতাংশ হিমালয় পাদদেশীয় পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৭২ ঘন্টায় বজ্র বৃষ্টির প্রবনতা অব্যাহত থাকাসহ উত্তরবঙ্গে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে দক্ষিণাঞ্চলবাসীর জন্য তেমন কোন ভাল খবর না থাকায় খড়তাপে রোজাদারসহ শিশু ও বয়োবৃদ্ধদের দূর্ভোগ আরো বৃদ্ধি পেতে পারে।