মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় ধানবোঝাই ট্রলি উল্টে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার খরাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বৃষ্টিপুর চকমোমিন গ্রামের মৃত এজাহার আলীর ছেলে মহবুল ইসলাম (৪২) ও আনোয়ার হোসেন (৩৫)। এঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার জানান, শুক্রবার সকালে ধানবোঝাই করে ট্রলিটি বৃষ্টিপুর থেকে মধইল বাজারে দিকে যাচ্ছিল। ট্রলিটি খরইল মোড়ে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ট্রলিটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মহবুল ও আনোয়ারের মৃত্যু হয়। তারা ট্রলির ধানের বস্তার ওপরে বসেছিলেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়।
এ ছাড়া আহতদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।