বিনোদন ডেস্ক: অবশেষে বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যু বিষয়ে তদন্তের চার্জশিট আদালতে পেশ করেছেন ভারতের তদন্ত বিভাগ সিবিআই। চার্জশিটে জানানো হয়েছে, আত্মহত্যাই করেছিলেন অভিনেত্রী জিয়া খান।
গত বুধবার সকল তদন্ত শেষে সকল তথ্য প্রমাণের ভিত্তিতে সিবিআই কর্মকর্তা বলেন, ‘ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ বোর্ড পোস্ট মর্টেম ডাক্তারের সঙ্গে একমত পোষণ করে জানিয়েছেন, জিয়া খানের মৃত্যুর কারণ ‘আত্মহত্যা’।
ফরেনসিক বিভাগ জিয়া খান যে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন সেটি সম্পর্কে সিবিআই বলেন, ‘পারিপার্শ্বিক বিভিন্ন কারণে তার মানসিক অবস্থা খুব খারাপ ছিল। সে কারণেই আত্মহত্যা করেছেন তিনি।’
এর আগে জিয়া খানের মৃত্যুর পেছনে অভিনেতা আদিত্য পাঞ্চোলি এবং জেরিন ওয়াহাব দম্পতির ছেলে সুরাজ পাঞ্চোলির যোগসাজস রয়েছে বলে জানিয়েছিলেন জিয়ার মা রাবেয়া। এরপর ভারতীয় পেনাল কোড ৩০৬ ধারায় সুরাজ পাঞ্চোলির বিরুদ্ধে মামলা হয়। এখন সেই মামলা থেকেও সুরাজ পাঞ্চোলিকে মুক্তি দেওয়া হয়েছে।
সুরাজ পাঞ্চোলির বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে সিবিআই বলেন, ‘জিয়া খান মৃত্যুর আগে যে নোটটি লিখে গিয়েছিলেন তাতে বর্ণনা রয়েছে, সুরাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, শারীরীক এবং মানসিক নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করেছেন।’
এদিকে এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছর বয়সি জিয়া মৃত্যুর আগে চার সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। আত্মহত্যার আগে তিনি গর্ভপাত করিয়েছিলেন।
২০১২ সালে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল সুরাজ পাঞ্চোলি এবং জিয়ার। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০১৩ সালের ৩ জুন আত্মহত্যার আগে সুরাজের বাড়ি থেকেই নিজের বাড়িতে ফিরে যানজিয়া। তার আগে তিন দিন ধরেই তিনি সুরাজের বাড়িতে ছিলেন।
বাড়ি ফিরে যাওয়ার পর সুরাজ এবং জিয়া দুজনেরই পরিচিত এক মেয়ে বন্ধুকে নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এরপর অতিরিক্ত মেসেজে বিরক্ত হয়ে সুরাজ রাগ করে বিবিএম (ব্ল্যাক বেরি ম্যাসেঞ্জার) বন্ধ করে দেন।
এরপর মধ্যরাতে জিয়া সুরাজকে ফোন করেন এবং সে সময়ও তাদের মধ্যে অনেক তর্ক হয়। এরপর সুরাজ জিয়াকে গালিগালাজ দিয়ে মেসেজ পাঠান।
এরপর জিয়ার মা রাবেয়া যখন বাড়িতে ফিরে আসেন তিনি জিয়াকে তার শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান।
২০১৩ সালের অক্টোবরে রাবেয়া খাতুন মুম্বাই উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের বলেন তার মেয়েকে হত্যা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে সিবিআইকে তদন্তের আবেদন করেন।
২০১৪ সালের জানুয়ারিতে জুহুর পুলিশ ৪৪৭ পৃষ্ঠার একটি চার্জশিট আন্ধেরি ম্যাজিট্রেট আদালতে পেশ করেন। এর ছয় মাস পর ২০১৪ সালের ১৩ আগস্ট মামলাটি সিবিআই এর কাছে হস্তান্তর করা হয়।