বিশ্বের মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০ শতাংশ বাংলাদেশে হয় উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইলিশ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এর সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইলিয়াস আহম্মেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ১৫১টি জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রত্যেক জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।
ইলিশের প্রজনন ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এই সময়ে মা ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, একটি ছোট মা ইলিশ প্রায় দেড় লাখ ডিম দিতে পারে। আর বড় আকারের দুই কেজি ওজনের একটি ইলিশ থেকে প্রায় ২০ লাখ ডিম পাওয়ার সম্ভাবনা থাকে। মা ইলিশ সুরক্ষিত থাকলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে।
আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মা ইলিশ সংরক্ষণে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং রাজনৈতিক নেতাকর্মীদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। এ সময় মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





