অর্থনৈতিক ডেস্ক: বার্ষিক ব্যবসায় পর্যালোচনা সভা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপকদের। ব্যাংকের ১৯১টি শাখাকে ১৩টি দলে ভাগ করে দেশের ১৩টি এলাকায় একই সঙ্গে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বক্তারা বলেন, বিদায়ী বছরে ন্যাশনাল ব্যাংক বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর সাধারণ ব্যাংকিং কার্যক্রমের মধ্যে সর্বোচ্চ পরিচালন মুনাফা করেছে। একটি শক্তিশালী ব্যাংক গড়ে তোলার লক্ষ্যে সভার আলোচকরা শাখা প্রধানদের ২০১৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন, সম্পদের গুণগত মান বজায় রাখা, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকদের গুণগত সেবা প্রদান, শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, নন-পারফর্মিং লোন শূন্যে নামিয়ে আনা ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন। যাতে ব্যাংক স্টেকহোল্ডারদের সর্বোচ্চ ভ্যালু প্রদানে সক্ষম হয়।
উল্লেখ্য, ন্যাশনাল ব্যাংক ১৯১টি শাখার মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, নারীর কর্মসংস্থান, এসএমই ব্যাংকিং, স্কুল ব্যাংকিং, গ্রিন ব্যাংকিংসহ অবহেলিত ও অনগ্রসর মানবগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি সাবেক ছিটমহলবাসীদের ব্যাংকিং সেবা ও শিক্ষা প্রদানের লক্ষ্যে পঞ্চগড় জেলার ভাউলাগঞ্জে ও লালমনিরহাটের বুরিমাড়িতে ন্যাশনাল ব্যাংকের দুইটি শাখা খোলা হয়েছে ও দুইটি স্কুলের ভবন নির্মাণ করেছে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের অন্তত একটি করে ব্যাংক হিসাব খোলা এ স্বপ্ন বাস্তাবায়নের লক্ষ্যে ব্যাংকের পল্লি শাখাগুলোর মাধ্যমে ব্যাংকিং সেবা জোরদার করা হয়েছে যাতে কৃষক, শ্রমিক ও বঞ্চিতদের মাঝে ১০ টাকার হিসাব খোলা ও ঋণের লক্ষ্য পূরণ হয়। টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে শাখাগুলোতে সৌর বিদ্যুৎ প্রচলন, পরিবেশবান্ধব অর্থায়ন, অনলাইনে রেমিট্যান্স সুবিধা প্রদান এবং কাগজবিহীন ব্যাংকিং নিশ্চিতকরণে অত্যাধুনিক টি-২৪ কোর ব্যাংকিং সফ্টওয়্যার ও এসএমএস ব্যাংকিং ব্যবস্থা প্রচলন করা হয়েছে। বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত করতে ন্যাশনাল ব্যাংক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যাংকের দর্শন ‘প্রতিশ্রুতিশীল কর্মতৎপর একটি ব্যাংক’ এর মাঝেই দেশের সর্বস্তরের মানুষকে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার অঙ্গীকার আছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
১৩টি দলে অনুষ্ঠিত ব্যবসায় পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুহাম্মদ বারিকুল্লাহ্, ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে উপ-ব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিফ আলী খান, খুলনা আঞ্চলিক কার্যালয়ে এসইভিপি ও হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন মোহাম্মদ নজরুল ইসলাম, সিলেট আঞ্চলিক কার্যালয়ে এসইভিপি ও হেড অব ট্রেজারি ডিভিশন আব্দুস সোবহান খান, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে এসইভিপি ও হেড অব এইচআরডি শাহ্ সৈয়দ আব্দুল বারী, বগুড়ায় ইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন ইফতেখার হোসেন চৌধুরী, কুমিল্লায় ইভিপি ও হেড অব কার্ড ডিভিশন মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহে ইভিপি ও হেড অব অ্যাগ্রিকালচার ডিভিশন মো. আজিম উদ্দিন, শরীয়তপুরে এসভিপি ও হেড অব জিবিডি মো. আব্দুল ওয়াহাব, শ্রীনগরে এসভিপি ও হেড অব আইসিসিডি মো. মনিরুজ্জামান, প্রধান কার্যালয়ের কার্ড ডিভিশনে এসভিপি ও হেড অব ল’ অ্যান্ড রিকভারি ডিভিশনে লেফটেনেন্ট কর্নেল (অব.) এসএম সাজ্জাদ হোসেন এবং গাজীপুরে ভিপি ও হেড অব এফএডি কৃষ্ণ কমল ঘোষ প্রমুখ।


