ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। ৯ কার্যদিবসের এই অধিবেশনে মোট ছয়টি বিল উত্থাপিত হয় এবং উত্থাপিত সব বিলই সংসদে পাস হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির পক্ষে অধিবেশন সমাপ্তির ঘোষণা পাঠ করেন। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে এ সমাপনী ঘোষণা দেওয়া হয়।
এর আগে গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। সংক্ষিপ্ত এই অধিবেশনে আইন প্রণয়নের পাশাপাশি বিভিন্ন সংসদীয় কার্যক্রমও পরিচালিত হয়।
অধিবেশন চলাকালে তিনটি বিশেষ কমিটিসহ ৪৮টির বেশি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। একই সময়ে সংসদ সদস্যরা সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় জনস্বার্থ ও জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে নোটিশ জমা দেন।
এর মধ্যে ৬৮ বিধির আওতায় পাওয়া সাতটি নোটিশের দুটি গ্রহণ করে তা নিয়ে আলোচনা করা হয়। ৭১ বিধিতে জমা পড়া ১৫টি নোটিশের মধ্যে ১৪টির ওপর সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১ক বিধির আওতায় দুই মিনিটের বক্তব্য দেওয়ার জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়।
অন্যদিকে ১৪৭ বিধিতে জমা পড়া দুটি নোটিশের মধ্যে একটির ওপর আলোচনা হয়েছে। পাশাপাশি ৩০২ বিধির আওতায় একটি নোটিশ উত্থাপন করা হয়।
তৃতীয় অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ১৪৪টি প্রশ্নের নোটিশ জমা পড়লেও এর মধ্যে ১৫টির উত্তর দেওয়া হয়েছে।
এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে উত্তর চেয়ে মোট ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ দেওয়া হয়। এর বিপরীতে মন্ত্রীরা ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দিয়েছেন।
মাত্র ৯ কার্যদিবসের এই অধিবেশনে আইন প্রণয়ন, সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন, নোটিশের ওপর আলোচনা এবং সংসদ সদস্যদের প্রশ্নোত্তরসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়।





