বিশেষ প্রতিবেদকঃ এনডিএম বিশ্বাস করে গণতন্ত্রের মূল লক্ষ্যই হলো সামাজিক সুরক্ষা জালের নিশ্চিয়তা তৈরী করা, ৭০ টাকা কেজি দরে চাল কিনতে হলে গণতন্ত্রের সুফল কখনোই পাওয়া যাবে না।”বলে মন্তব্য করলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের।
আজ রোববার ১৫ অক্টোবর ২০১৭ ইং তারিখে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম পটুয়াখালী জেলা শাখা আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
পটুয়াখালী জেলা প্রেসক্লাব ডাঃ আতাহার মিলনায়তনে এনডিএম পটুয়াখালী জেলা আহ্বায়ক ও দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিএম মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের। কর্মীসভা উদ্বোধন করেন এনডিএম এর উচ্চ পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত কবির।
প্রধান অতিথির বক্তব্যে এনডিএম মহাসচিব অধ্যাপক তাহের বলেন, “নির্বাচন কমিশন দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করলেও যারা নিবন্ধন প্রত্যাশী তাঁদের সাথে আলোচনায় আগ্রহী নয়। এতে প্রতিনিধিত্বশীল নির্বাচনের পথে বড় অন্তরায়। গণমানুষের অধিকার আদায়ের নির্ভীক সেনানী জননেতা ববি হাজ্জাজের নেতৃত্বে এনডিএম আগামী নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চায়। কারণ এনডিএম বিশ্বাস করে গণতন্ত্রর মূল লক্ষ্যই হলো সামাজিক সুরক্ষা জালের নিশ্চিয়তা তৈরী করা, ৭০ টাকা কেজি দরে চাল কিনতে হলে গণতন্ত্রের সুফল কখনোই পাওয়া যাবে না।”
কর্মীসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারী মোমিনুল আমিন। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুব আন্দোলনের (সম্মেলন প্রস্তুতি কমিটি) আহ্বায়ক লায়ন নুরুজ্জামন হীরা এবং ছাত্র আন্দোলনের আহ্বায়ক (সম্মেলন প্রস্তুতি কমিটি) মোঃ ইসমাইল হোসেন।
উক্ত কর্মীসভায় এনডিএম পটুয়াখালী জেলা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। কর্মীসভার উদ্বোধনী বক্তব্যে বৃহত্তর বরিশাল অঞ্চলের বিপ্লবী নেতা ও এনডিএম ভাইস চেয়ারম্যান এনায়েত কবির আগামী দিনে ভোটার বিহীন ও বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন রুখতে এনডিএম নেতা-কর্মীদের প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান।






