রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস্ট ঘিরে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগসহ আওয়ামী লীগের ৫৩ জন আটক করেছে ভাটারা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও কালো ব্যাগ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। সেখানে ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ৫৩ জনকে আটক করা হয়। তাদের বেশিরভাগই পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ ও রূপগঞ্জ এলাকা থেকে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযান চালানো বাসাটির মালিক মহিলা লীগের একজন কর্মী বলে জানিয়েছে পুলিশ।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ১৫ আগস্ট উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকায় শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিলের উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছিলেন। তাদের কাছে প্ল্যাকার্ড ও ব্যানার ছিল এবং বিভিন্ন স্লোগান দেওয়ার প্রস্তুতিও চলছিল বলে পুলিশ জানায়।
আটকের সময় তাদের কয়েকজনের পরনে সাদা পাঞ্জাবি এবং বুকে কালো ব্যাজ ছিল। ঘটনাস্থল থেকে একটি ব্যানারও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরও জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের নাম-পরিচয় যাচাইসহ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।




