প্রতিবিম্ব সৃষ্টিতে দর্পণের নিরপেক্ষতা সর্বজনস্বীকৃত। দর্পণ সাদাকে যেমন সাদা দেখায়, তেমনি কালোকে কালো দেখায়। গণমাধ্যম দর্পণের চেয়েও বেশি কিছু। গণমাধ্যম রাষ্ট্রের প্রকৃত চিত্র তুলে ধরেই ক্ষান্ত হয় না, চিত্রের প্রেক্ষাপটও তুলে ধরে। কোনো কোনো ক্ষেত্রে গণমাধ্যম নেতিবাচক অবস্থা থেকে উত্তরণের পথও নির্দেশ করে। এজন্য গণমাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে বিবেচনা করা হয়।
দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম প্রভাবশালী নিয়ামক হলো গণমাধ্যম। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছে। সেই ঘোষণার আলোকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কার্যক্রম। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ— এই চার স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হবে আমাদের বহুল কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম অংশীজন হলো গণমাধ্যম। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমকে দুই ধরনের কাজ করতে হবে। প্রথমত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। দ্বিতীয়ত, গণমাধ্যমকে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করতে হবে।
এখন প্রশ্ন হলো— কেমন হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট গণমাধ্যম? সহজভাবে বললে— স্মার্ট গণমাধ্যম হবে অতিমাত্রায় আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর, স্বাধীন, নিরপেক্ষ ও গণমুখী। এই স্মার্ট গণমাধ্যম যাঁদের হাত ধরে প্রতিষ্ঠিত হবে, তাঁরা হলেন সাংবাদিক। তাই গণমাধ্যমকে স্মার্ট করতে হলে সবার আগে সাংবাদিকদের স্মার্ট হতে হবে।
আধুনিক তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড়ো বিস্ময় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অনেক ক্ষেত্র রয়েছে। গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ যত বেশি হবে, গণমাধ্যম তত বেশি স্মার্ট হবে। গণমাধ্যমে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি প্রযুক্তি হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন (এনএলজি) প্রোগ্রামিং। এই প্রযুক্তি ব্যবহার করে যেকোনো ডেটা সেট থেকে সংবাদ, নিবন্ধ ও প্রতিবেদন তৈরি করা যায়। এনএলজি প্রোগ্রামিং কয়েকটি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলোর মধ্যে রয়েছে— ডেটা ফিল্টারিং, বাক্যবিন্যাস, ভাষার ব্যাকরণগত ভুল সংশোধন প্রভৃতি। বাংলাদেশের গণমাধ্যমের দৈনন্দিন কার্যক্রম বাস্তবায়নে এ প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করা যেতে পারে।
বাংলাদেশে অনলাইন নিউজপোর্টালসমূহ দিনদিন জনপ্রিয় হচ্ছে। এখন মূলধারার প্রায় প্রত্যেকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। বাংলাদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী অনলাইন নিউজপোর্টাল ব্যবহার করেন। অনলাইন নিউজপোর্টাল ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দ ও প্রতিক্রিয়া বিশ্লেষণের কাজেও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যালগরিদম ব্যবহার করা সম্ভব। এ ছাড়াও এই অ্যালগরিদম সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে পারে। দর্শক-শ্রোতা ও পাঠকের উপযোগী করে কনটেন্ট নির্মাণে বাংলাদেশের গণমাধ্যমে এআই অ্যালগরিদমের ব্যবহার এখন সময়ের দাবি।
বর্তমান সময়ের একটি বড়ো চ্যালেঞ্জ হলো গুজব প্রতিরোধ করা। যেসব ক্ষেত্রে সেকেন্ডারি ডেটা ব্যবহার করে কনটেন্ট তৈরি করা হয়, সেসব ক্ষেত্রে এআই টুল ব্যবহার করে সত্য-মিথ্যা যাচাই অর্থাৎ ফ্যাক্ট চেকিং সম্ভব। বাংলাদেশের গণমাধ্যমও ফ্যাক্ট চেকিং করতে বিভিন্ন এআই টুল ব্যবহার করতে পারে।
ইদানীং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এআই-ভিত্তিক স্পিচ রিকগনিশন ও মেশিন ট্রান্সলেশন প্রযুক্তি দ্বারা সাক্ষাৎকার, বক্তৃতা, সংবাদ সম্মেলন ইত্যাদির অডিয়ো বার্তাকে লিখিত বার্তায় রূপান্তর করছে। বহুভাষিক প্রতিবেদন তৈরিতেও এই প্রযুক্তি বেশ কার্যকর। স্মার্ট গণমাধ্যম প্রতিষ্ঠায় এ ধরনের প্রযুক্তি বৃহৎ পরিসরে ব্যবহার করতে হবে।
বাংলাদেশে এখনো ছাপানো পত্রিকার ব্যাপক আবেদন রয়েছে। প্রিন্ট মিডিয়া অর্থাৎ ছাপানো সংবাদপত্রের একটি বড়ো সীমাবদ্ধতা হলো— প্রিন্ট মিডিয়ায় কোনো ভিডিয়ো কনটেন্ট দেখার সুযোগ নেই। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংবাদপত্রের প্রত্যেকটি সংবাদে কিউআর কোডের মাধ্যমে সংশ্লিষ্ট সংবাদের ভিডিয়ো সংযুক্ত করা সম্ভব। এসব কিউআর কোড স্ক্যান করলে যে-কেউ সংশ্লিষ্ট সংবাদের ভিডিয়ো দেখতে পারবেন। বাংলাদেশের প্রিন্ট মিডিয়াকে স্মার্ট করতে এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
স্মার্ট গণমাধ্যমের অন্যতম বৈশিষ্ট্য হলো ভাষার শুদ্ধ প্রয়োগ। দুঃখজনক হলেও সত্য বর্তমান বাংলাদেশের গণমাধ্যমসমূহে অশুদ্ধ বানান ও ভাষাগত ভুলের ব্যাপকতা লক্ষ করা যায়। গণমাধ্যমে ভাষার শুদ্ধ প্রয়োগ নিশ্চিত করতে হলে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ-সংক্রান্ত একটি সফটওয়্যার তৈরি করা যেতে পারে। এই সফটওয়্যার বাংলা লেখায় ভুল বানান ও ব্যাকরণগত ত্রুটি নির্দেশ করবে। যা শুদ্ধভাবে বাংলা লিখতে সহায়ক ভূমিকা রাখবে। তবে শুধু সফটওয়্যার দিয়ে বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ নিশ্চিত করা সম্ভব নয়। ভাষার শুদ্ধ প্রয়োগ নিশ্চিত করতে হলে গণমাধ্যমকর্মীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি করতে হবে।
আমরা জানি, যেকোনো বস্তুনিষ্ঠ সংবাদ কিংবা প্রতিবেদন তৈরিতে বিভিন্ন ধরনের তথ্যের প্রয়োজন। যে গণমাধ্যমের তথ্যভান্ডার যত বেশি সমৃদ্ধ, সে গণমাধ্যমের সংবাদ বা প্রতিবেদন তত বেশি তথ্যসমৃদ্ধ। প্রত্যেকটি স্মার্ট গণমাধ্যমের অবশ্যই ডিজিটাল আর্কাইভ থাকা প্রয়োজন। এই আর্কাইভে ক্যাটাগরি অনুযায়ী তথ্য সংরক্ষিত হবে। সাংবাদিকরাও ব্যক্তিগত উদ্যোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ধরনের আর্কাইভ প্রতিষ্ঠা করতে পারেন।
আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার স্মার্ট গণমাধ্যম প্রতিষ্ঠার অন্যতম শর্ত। তবে একমাত্র শর্ত নয়। আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর স্মার্ট গণমাধ্যমকে অবশ্যই স্বাধীন, নিরপেক্ষ ও গণমুখী হতে হবে। যেহেতু সাংবাদিকদের নিয়েই গণমাধ্যম, তাই সাংবাদিকদের সার্বিক উন্নয়নে সরকার ও গণমাধ্যমকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। রাতারাতি সাংবাদিক হওয়ার প্রক্রিয়া বন্ধ করতে হবে। কোনো গণমাধ্যমে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে আগ্রহী সাংবাদিকদের যোগ্যতা ভালোভাবে যাচাই করতে হবে। প্রত্যেক সাংবাদিক যেন ন্যায্য বেতন-ভাতা ও সম্মানি পান, সে বিষয়টি সংশ্লিষ্ট গণমাধ্যমকে নিশ্চিত করতে হবে।
তথ্যপ্রযুক্তির এই যুগে হলুদ সাংবাদিকতা কিংবা অপসাংবাদিকতা করে কখনো স্মার্ট গণমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব নয়। সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি মেনে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করেই সাংবাদিকতা করতে হবে। ইদানীং গণমাধ্যমের জন্য বড়ো চ্যালেঞ্জ হলো গুজব ও অপতথ্য প্রতিরোধ করা। স্মার্ট প্রযুক্তির সহায়তায় সাংবাদিকদের দক্ষতার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
গণমাধ্যমকে আধুনিক প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর সম্পূর্ণ নির্ভর করা যাবে না। কোনো কনটেন্ট তৈরিতে গণমাধ্যম অবশ্যই আধুনিক প্রযুক্তির সহায়তা গ্রহণ করবে, কিন্তু দর্শক-শ্রোতা কিংবা পাঠকের নিকট কনটেন্ট পৌঁছানোর আগে দায়িত্বশীল কোনো ব্যক্তিকে অবশ্যই সেই কনটেন্ট চেক করতে হবে। কারণ গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত কোনো ভুলের দায় প্রযুক্তির উপর চাপানোর সুযোগ নেই। এ দায় সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষকেই নিতে হবে।
এ কথা নির্দ্বিধায় বলা যায়— স্মার্ট প্রযুক্তি গণমাধ্যমের কাজকে অনেক সহজ করেছে। স্মার্ট প্রযুক্তির সঙ্গে অভ্যস্ত হতে গণমাধ্যমকর্মীদের একটু সময় লাগবে। তবে আশার কথা হলো— বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসমূহ দিনদিন স্মার্ট হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের অনেক আগেই বাংলাদেশের গণমাধ্যম স্মার্ট হবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালন করবে।