জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে “সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন”। সর্বসম্মতিক্রমে সাংবাদিক মোঃ আহাদুল্লাহ সানাকে সভাপতি এবং ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শহরের সিটি শপিং সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক ও অ্যাথলেট কাজী কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক লিয়াকত হোসেন অরুণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার রেজাউল ইসলাম খোকন, রেফারি তাপস কুমার সরকার, অভিজ্ঞ ধারাভাষ্যকার শাহজাহান সিরাজ ও নূর মোহাম্মদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় কাবাডি খেলোয়াড় আজমিরা খাতুন দোলা, মহিলা ক্রীড়া সংস্থার সদস্য জলি লতা এবং বিসিবি আম্পায়ার খাদিজা আক্তার চায়না।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধারাভাষ্য শুধু খেলার বর্ণনা নয়, এটি দর্শকের অনুভূতির সঙ্গে খেলার সংযোগ তৈরি করে। একজন দক্ষ ধারাভাষ্যকার ম্যাচের উত্তেজনা ও সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। তারা আরও বলেন, সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে প্রতিভাবান ধারাভাষ্যকাররা কাজ করলেও তাদের জন্য কোনো সংগঠিত প্ল্যাটফর্ম ছিল না। এই অ্যাসোসিয়েশন সেই শূন্যতা পূরণ করবে এবং নতুন প্রজন্মের ধারাভাষ্যকার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা, প্রতিযোগিতা আয়োজন এবং জেলার বিভিন্ন ক্রীড়া ইভেন্টে মানসম্মত ধারাভাষ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, আমরা চাই সাতক্ষীরার প্রতিটি ক্রীড়া ইভেন্টে দক্ষ ও প্রশিক্ষিত ধারাভাষ্যকার তৈরি হোক। এই সংগঠনের মাধ্যমে নতুনদের প্রশিক্ষণ দিয়ে জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করা হবে।
এ ক্যটাগরির আরো খবর..