ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ স্টুয়ার্ট ল`কে পরামর্শক হিসেবে গত এপ্রিলে নিয়োগ দিয়েছিল বিসিবি যুব বিশ্বকাপের সাফল্য পেতে। ষোল সপ্তাহের জন্যে ল’কে নিয়োগ দেয় বিসিবি। চার সপ্তাহ কাজ করে নিরাপত্তাহীনতায় ভুগে দেশে ফিরে যান তিনি। তবে আবারো ঢাকায় এসেছেন ল। রোববার গভীর রাতে ঢাকায় আসেন ল। সোমবার মাঠে আসেননি তিনি। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার।
বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সাফল্য পাবে, এমনটি বিশ্বাস করেন ল। নিজেদের সামর্থ্যমত খেলতে পারলে অনেক দূর যাওয়া সম্ভব বলে মনে করছেন জাতীয় দলের প্রাক্তন কোচ। অভিজ্ঞ এ কোচের ভাষ্য,‘তাদের যদি ভালো পরিকল্পনা থাকে এবং ম্যাচগুলো যদি ঠিকমত বুঝতে পারে তাহলে মাঠে তাদের কাজটা সহজ হয়ে যাবে। যখন তারা সহজেই একটি কাজ সমাধান করতে পারবে তখন আপনা-আপনি বাকি কাজগুলোও সহজ হয়ে যাবে। তারা যদি তাদের সামর্থ্য দিয়ে খেলতে পারে আমি নিশ্চিত তারা বিশ্বকাপে অনেক ভালো করবে।’
সম্প্রতি ভারত সফরে ব্যাটিং ব্যর্থতা বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। বোলিং ও ফিল্ডিং বিভাগ বেশ ভালো করলেও ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন সবাই। তবে পরামর্শক ল এসব নিয়ে ভাবছেন না। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ম্যাচে সঠিক পথে ক্রিকেটাররা চলে আসবে। এ নিয়ে স্টুয়ার্ট ল বলেন,‘তারা খুব ভালো খেলে আসছে। কিন্তু যেভাবে ধারাবাহিক খেলতে চাচ্ছে সেভাবে পারছে না। তবুও আমাদের তিনটি ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এটা আমাদের জন্যে ভালো একটি সুযোগ ঘুরে দাঁড়ানোর। সঠিক পথে আসার সুযোগও এটি। আশা করছি কাপের লড়াইয়ে আগে আমরা সঠিক পথেই এগুবো।’
ভারত সফরের আগে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ বেশ ভালো পারফরম্যান্স করে। সেখানে সিরিজ জেতে জুনিয়র টাইগাররা। এর আগে ঘরের মাঠেও একই দলের বিপক্ষে সিরিজ জিতে টাইগাররা। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতে মিরাজের দল। সব কিছু মিলিয়ে এবারের আসরে বাংলাদেশ থেকে প্রত্যাশা দ্বিগুনেরও বেশি হয়ে গেছে। অনেকেই বাইরে থেকে ক্রিকেটারদের শিরোপার চাপ দিচ্ছেন। বোর্ড, সংশ্লিষ্টরা সবাই শিরোপা পেতে ব্যাকুল হয়ে আছেন।
তবে ল বলছেন ক্রিকেটারদের বাড়তি চাপ দেওয়া থেকে সবার বিরত থাকা উচিত। ‘ক্রিকেটাররা মাঠে খেলে জিতুক এই ছোট্ট জিনিসটাই আমি তাদের থেকে চাই। সব কিছুই জিততে হবে এমন নয়। আমরা যদি ভালো দল হিসেবে বিশ্বকাপ জিততে পারি তাহলে সাফল্য অবশ্যই আসবে। ছেলেদের চাপ দেওয়ার প্রয়োজন নেই। তারা এখনও তরুণ। ক্রিকেট এমনিতেই চাপের খেলা। এখানে ছেলেদের বাড়তি চাপ দেওয়ার কিছু নেই। তাদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। নিজের দেশকে উপস্থাপন করতে পেরে এমনিতেই গর্বিত।’
আগামী ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।