জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। এই দেশের কিছু কুলাঙ্গারের কারণে তিনি স্বাদীনতার স্বাদ মানুষের মাঝে পৌঁছে দিতে পারেননি। তবে তিনি একটি স্বপ্ন আমাদের মাঝে দিয়ে গেছেন, তা হলো সোনার বাংলা গড়ার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ.কে আব্দুল মোমেন।
২০ ডিসেম্বর বুধবার বিকেলে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নৌকার প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্যদানকালে এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্নে বিভোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় সফলতার স্বাক্ষর রেখেছেন। তিনি আরও বলেন, আমার বড় ভাই আবুল মাল আবদুল মুহিতের মতো আমিও যেন কাজ করে যেতে পারি। সিলেটের উন্নয়ন করতে হলে শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা আমাদের হৃদয়ে আরেকটি জিনিস দিয়েছেন, সেটি হলো আমরা বিজয়ের জাতি, আমরা মাথা নত করি না, আমরা পারবো। এই আত্মবিশ্বাস প্রতিটি ঘরে ঘরে দিয়েছেন। এই সরকারের সঙ্গে আছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। কোভিড ম্যানেজমেন্টে সারা সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ এক নম্বর স্থান অর্জন করেছে। এ কৃতিত্ব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এজন্য প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান।
বক্তব্যের এক পর্যায়ে নিজের জন্য ভোট ও দোয়া চান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।



