ফরিদপুরের সালথা উপজেলায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা সমাজ সেবা অফিসার ফজলে রাব্বী নোমান, জাইকা কর্মকর্তা রিফাত রিয়াজসহ উপকারভোগী কৃষকবৃন্দ।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস বলেন, এ বছর উপজেলার ৩২’শ ২৫ জন চাষীকে বিনামূল্যে সার ও বিভিন্ন বীজ দেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না। প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের এগিয়ে আসতে হবে।





