সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি আর উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। সকল ধর্মের মানুষের মধ্যে সম্পর্ক অটুট রাখা এবং সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে কাজ করছ আ. লীগ সরকার এবং আগামীতেও সবার কল্যাণে কাজ করে যাবে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে বান্দরবানের রাজার মাঠে সনাতন ধর্মালম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মহতী ধর্মসভায় তিনি এ কথা বলেন।
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, পার্বত্য এলাকার মানুষের জীবনযাত্রার মান আগের চেয়ে বেড়েছে। পার্বত্য এলাকায় একটি মন্দির নির্মাণ করা হলে আরেকটি মসজিদ হয় আর একটি মসজিদ নির্মাণ করা হলে একটি বৌদ্ধ বিহার নির্মাণ হয়।
পার্বত্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু দেশের জন্য কাজ করেছে এবং তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে আর সব ধর্মের উৎসবগুলো যাতে সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন হয় সেজন্য সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে।
বান্দরবান জন্মাষ্টমী উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি অঞ্জন কান্তি দাশের সভাপতিত্বে বান্দরবানের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম ,অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, মো.ফজলুর রহমান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পৌরসভার মেয়র সামশুল ইসলাম , হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অমল কান্তি দাশ, বান্দরবান জন্মাষ্টমী উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ দাশ, বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজসহ সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সনাতনী সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
মহতী ধর্মসভা শেষে বান্দরবানে মাসব্যাপী অনুষ্ঠিত গীতাপাঠ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।




