× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

ডেস্ক

শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাত সকাল ৯টায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাত

দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী ঈদ জামাত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার ১৯৯তম পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত ঈদের দিন সকাল ৯টায় লাখো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে শোলাকিয়া ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. আলী নোমান পৃথক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। পরে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামও প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন।

এবারের প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

নারী মুসল্লিদের জন্যও পৃথক জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি বছরের মতো এবারও সকাল ৮টায় সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদের ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ এবং বিকল্প ইমাম থাকবেন ধর্মীয় শিক্ষক আব্দুল কাইয়ুম।

নিরাপত্তায় বহুমাত্রিক ব্যবস্থা

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, ঈদগাহ মাঠ ও পুরো শহরের নিরাপত্তায় প্রায় ৬০০ পুলিশ সদস্য, দুই প্লাটুন বিজিবি এবং ৫৫ জন র্যাব সদস্য মোতায়েন থাকবে। মাঠে ৪টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে এবং পুরো এলাকাকে ৮টি সেক্টরে ভাগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এছাড়া ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, পুরো ঈদগাহ এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ৩২টি চেকপোস্ট, ৭টি আর্চওয়ে গেট এবং ৫০টি মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়েছে। মুসল্লিদের প্রত্যেককে তল্লাশির আওতায় আনা হবে। পাশাপাশি ড্রোন, ভিডিও ক্যামেরা এবং বোম্ব ডিসপোজাল টিম প্রস্তুত রাখা হয়েছে।

তিনি মুসল্লিদের শুধু জায়নামাজ সঙ্গে আনার অনুরোধ জানিয়ে বলেন, টর্চলাইট, ম্যাচ বা দাহ্য বস্তু বহন করা যাবে না। মোবাইল ফোন আনা গেলেও তা সাইলেন্ট মোডে রাখতে হবে।

র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. আলী নোমান জানান, কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার ও অবজারভেশন পোস্টের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। মাঠে স্নাইপার টিম, স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও অব্যাহত থাকবে।

বিশেষ ট্রেন ও মুসল্লিদের সুবিধা

দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। ভৈরব থেকে বিশেষ ট্রেন সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। অন্যদিকে ময়মনসিংহ থেকে সকাল সাড়ে ৫টায় ছেড়ে ট্রেনটি সকাল ৮টা ১০ মিনিটে কিশোরগঞ্জে পৌঁছাবে। উভয় ট্রেনই দুপুর ১২টায় ফিরতি যাত্রা শুরু করবে।

মুসল্লিদের সুবিধার্থে মাঠে ৫০টি অস্থায়ী অজুখানা, ২০টি স্থায়ী টয়লেট, ২০টি ইউরিনাল এবং ২০০০ লিটার ধারণক্ষমতার দুটি পানির ভ্যান রাখা হবে। পাশাপাশি মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রস্তুত থাকবে।

২০১৬ সালের হামলার পর বাড়তি সতর্কতা

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের নামাজ চলাকালে শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হন। ওই ঘটনার পর থেকেই শোলাকিয়ার ঈদ জামাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনশ্রুতি অনুযায়ী, ১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহে এক লাখ ২৫ হাজার বা ‘সোয়ালাখ’ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছিলেন। সেই ‘সোয়ালাখিয়া’ শব্দ থেকেই পরবর্তীতে ‘শোলাকিয়া’ নামের উৎপত্তি হয়েছে বলে স্থানীয়ভাবে বিশ্বাস করা হয়। প্রায় আড়াই শত বছরের ঐতিহ্যবাহী এই ঈদগাহে প্রতি বছর দেশ-বিদেশের লাখো মুসল্লি সমবেত হন।


এ ক্যটাগরির আরো খবর..