সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় যুক্তরাজ্যপ্রবাসী মাকসুদা চৌধুরী (৫৬) নামে এক নারীকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুক্তরাজ্যপ্রবাসী মাকসুদা চৌধুরী মৌলভীবাজার সদর উপজেলার রাউতগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।

পুলিশ বলছে, মাকসুদা সিলেট কোতোয়ালি মডেল থানায় করা একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি। মাকসুদা রোববার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-201 ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান।

তবে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সাধারণ ডায়েরি করে তাকে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করে।

মামলার বিবরণে জানা যায়, আম্বরখানা মৌজার একটি ভূমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগকারী মো. শুকুর মিয়ার দাবি, বিবাদিনী পূর্বপরিকল্পিতভাবে ভূমি বিক্রির প্রলোভন দেখিয়ে তার মেয়ের স্বামী প্রবাসী ফুজাইল আহমদের কাছ থেকে মোট ১ কোটি ২৩ লাখ টাকা গ্রহণ করেন।

অভিযোগ অনুযায়ী, ব্যাংক লেনদেনের মাধ্যমে ১ কোটি ১৫ লাখ টাকা এবং অতিরিক্ত ৮ লাখ টাকা গ্রহণ করা হলেও পরবর্তীতে ভূমির দলিল সম্পাদন না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন মাকসুদা চৌধুরী।

একপর্যায়ে তিনি টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করেন এবং ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেন। এ ঘটনায় অভিযোগকারী আর্থিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে উল্লেখ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বিমানে চড়ে বসেছিলেন। পরে তাকে নামিয়ে এনে গ্রেপ্তার করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।