মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, শুক্রবার বিকেলে শহরের ভায়না মাইক্রোস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে পুলিশ সদস্য মো. ইমরান হোসেনের সঙ্গে নয়নের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন প্রকাশ্যে ইমরানকে থাপ্পড় মারেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন।
ইমরান হোসেন মাগুরা পুলিশ লাইনে কর্মরত বলে জানান ওসি।
ঘটনার পর রাত ৮টার দিকে সংশ্লিষ্টরা সদর থানায় উপস্থিত হন। এ সময় পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে মীমাংসার উদ্যোগ নেন। পরে নয়ন পুলিশ সদস্য ইমরানের কাছে ক্ষমা চাইলে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
তবে প্রকাশ্যে একজন পুলিশ সদস্যকে থাপ্পড় মারার ঘটনায় পুলিশের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এদিকে, স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তবে এসব মামলার বর্তমান আইনি অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



