বিশেষ প্রতিনিধিঃ খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে।
আদালতে রাষ্ট্রপে পেপারবুক থেকে উপস্থাপন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও বিলকিস ফাতেমা। আসামি পে ছিলেন আইনজীবী গোলাম মো: চৌধুরী আলাল।
২০১৫ সালের ১০ নভেম্বর রাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি বিচারিক আদালতের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল দায়ের করেন। পরে প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে এ মামলার পেপারবুক প্রস্তুত করা হয়।
২০১৫ সালের ৩ আগস্ট খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামে এক মোটরসাইকেল গ্যারেজে নির্যাতন করে রাকিবকে হত্যা করা হয়। পরদিন রাকিবের বাবা মো: নুরুল আলম বাদি হয়ে শরীফ, শরীফের সহযোগী মিন্টু খান ও মা বিউটি বেগমের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন।
২০১৫ সালের ৮ নভেম্বর খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে শিশু রাকিব (১২) হত্যার দায়ে প্রধান আসামি মো: শরীফ ও তার সহযোগী মিন্টুকে ফাঁসির আদেশ দেন আদালত। অভিযুক্ত অপর আসামি শরীফের মা বিউটি বেগম খালাস পান।




