শিক্ষা ব্যবস্থাকে সনদমুখী থেকে দক্ষতামুখী করতে হবে -আইসিটি প্রতিমন্ত্রী

শিক্ষা ব্যবস্থাকে সনদমুখী থেকে দক্ষতামুখী করতে হবে -আইসিটি প্রতিমন্ত্রী

দেশের তারুণ্যের শক্তিকে সম্পদে পরিণত করতে হলে শিক্ষাব্যব্যস্থাকে সনদমুখী থেকে দক্ষতামুখী করতে হবে। এক্ষেত্রে শুধু অংক, ইংরেজি বা বিজ্ঞান শিক্ষাই যথেষ্ট নয়। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী ফ্রন্টিয়ার প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

আজ সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফিউচারনেশন জব উৎসব ২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পলক বলেন, ডিআইইউ’র জব উৎসবে তিন হাজার শিক্ষার্থীর চাকরি নিশ্চিত করা সম্ভব হবে। কেবল ঢাকায় নয় দেশজুড়ে এই উৎসবের মাধ্যমে ১০ লাখ চাকরির সুযোগ তৈরি হবে। তিনি আয়োজকদের জেলা শহরেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন শিক্ষার্থীদের জন্য এই ধরনের মেলা আয়োজন করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের চাকরির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কর্মশালা করানোর তিনি অনুরোধ জানান। আইসিটি বিভাগের অধীনে ইনহ্যান্সিং ডিজিটাল গভঃ অ্যান্ড ইকোনোমিক (এজ) প্রকল্প থেকে আমরা বিশ্বব্যাংকের সহায়তায় আইসিটি খাতে ২০ হাজার চাকরি দিতে চাই। আইসিটি খাতে যেভাবে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে তাতে ২০২৫ সালের মধ্যে ১০ লাখ জব  টার্গেট পূরণ করা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, এ ধরনের জব ফেয়ার করার জন্য আমরা আইসিটি বিভাগের শেখ রাসেল আধুনিক কম্পিউটার ল্যাব ব্যবহারের সুযোগ দেবো। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এআর, ভিআরসমৃদ্ধ ৩০০ স্কুল অব ফিউচারের অবকাঠামো ও সরঞ্জাম তারা ব্যবহার করতে পারবেন বলেও তিনি জানান। ২০৪১ সাল নাগাদ দেশকে একটি জ্ঞাননির্ভর, উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা নির্ভর প্রজন্ম গড়ে তুলতে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিকস, মাইক্রোপ্রসেসর ডিজাইন এবং সাইবার সিকিউরিটি বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর  প্রফেসর ড. এম. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ভ্যান গুয়েনের, গ্রামীণফোন লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হোয়েগ হেনরিকসেন, ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান ও ইউনিভার্সিটির একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।