অতীতের যে কোনো সময়ের তুলনায় শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন -তথ্যমন্ত্রী

পিআইডিঃ পৃথিবীর অন্যতম বৃহৎ মহানগর ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে’, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ  সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

শনিবার দুপুরে ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘৫৪ লক্ষ ভোটারসমৃদ্ধ ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণার যে আমেজ ছিল, তা থেকে শুরু করে এখনো পর্যন্ত মানুষ যেভাবে উৎসাহ, উদ্দীপনায় ভোট দিচ্ছে, তাতে দেখা যাচ্ছে অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। মোহাম্মদপুরে নির্বাচন কভার করার সময় একজন সাংবাদিক আহত হবার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি সম্পূর্ণ অনভিপ্রেত, অত্যন্ত দুঃখজনক, কোনোভাবেই সমীচীন নয় এবং আমরা এটি সমর্থন করি না। কিভাবে তিনি আহত হলেন, নির্বাচন কমিশন, আইনশৃংখলা বাহিনী এবিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।’

সকালের দিকে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম এবং আওয়ামী লীগ কর্মীদের উপস্থিতি বেশি ছিল- এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘শুরু থেকেই আওয়ামী লীগ কর্মীরা যে সক্রিয় প্রচার প্রচারণা চালিয়েছে, তাতে আমাদের প্রার্থীরা প্রচারের দিক দিয়ে অনেক এগিয়ে। আর শীতের দিন ও বন্ধের দিন সকাল আটটায় উপস্থিতি কম হওয়াই স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও স্বাভাবিকভাবেই বেড়েছে, এবং এখনো অনেকক্ষণ বাকি আছে। আমি আশা করবো, সবাই যে যেখানে আছেন, ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আর ইভিএম মেশিন নিজেই পোলিং এজেন্টের মত কাজ করে, ফিঙ্গারপ্রিন্ট-পরিচয় সঠিক মিললেই কেবল ভোট দেয়া যায়। সুতরাং আওয়ামী লীগের যত কর্মীই থাকুক, ভোটে অনিয়মের কোনো সুযোগে নেই। অন্যদিকে বিএনপি কর্মীদের অনুপস্থিতি তাদের সাংগঠনিক দুর্বলতারই পরিচয় এবং  নেতাদের কথাবার্তায় তারা হতাশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।