সোহেল মাহমুদ মিলন,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাষ্টের চেয়ারম্যান, ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ সাত্তার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার জুম্মার নামাজের পর সদর উপজেলার বটতলী নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের সন্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, দেশপ্রেম না থাকলে জনপ্রতিনিধি হওয়া যায় না। আগে দেশপ্রেম, পরে রাজনীতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে বিশ্বাসী এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও শতভাগ আস্থা জানিয়ে অধ্যক্ষ এম এ সাত্তার আরো বলেন, যদি নেত্রী তাকে মনোনয়ন দেন তাহলে তিনি নির্বাচন করবেন। তবে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা তিনি সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, আমি জনগণের সেবা করার জন্য আমার নিজ নামে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাষ্ট প্রতিষ্ঠা করেছি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ধর্মী স্থাপনা এবং উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি দরিদ্র জনগোষ্টির যেকোন সহযোগিতায় অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাষ্ট সহযোগিতায় এগিয়ে আসার দৃঢ় আশবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি নারী ও শিশুদের চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের বটতলীতে একটি হাসপাতাল করার ঘোষণা দেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, কামাল হোসেন (ভোরের ডাক-দেশটিভি), আলী হোসেন (মাইটিভি-আমার সংবাদ), সহিদুল ইসলাম (এসএ টিভি, আলোকিত বাংলাদেশ), সাইফুল ইসলাম স্বপন (চ্যানেল টুয়েনটিফোর), সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন),সোহেল মাহমুদ মিলন(বিজয়টিভি,নতুনদিন,এসএন২৪.কম),মোঃ আলাউদ্দিন (জাতীয় নিশান) প্রমুখ।