লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আবু ছায়েদ (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের সর্দার বাড়ী স্টেশন জামে মসজিদের দ্বিতল ভবনের নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু ছায়েদ ওই এলাকার নজম উদ্দীন বেপারী বাড়ির বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ আহমেদ।
স্থানীয়রা জানান, মসজিদের দ্বিতল ভবনের নির্মাণকাজের সময় বৈদ্যুতিক লাইনের ঝুঁকি থাকায় পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার অনুরোধ করেন ইলেকট্রিশিয়ান আবু ছায়েদ। পরে অফিস থেকে লাইন বন্ধ করা হয়েছে বলে জানানো হলে তিনি বৈদ্যুতিক তারের ওপর কুভাব পাইপ লাগানোর কাজ করতে যান।
এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোতলার ছাদ থেকে নিচে পাকা সড়কের ওপর পড়ে যান। এতে গুরুতর আহত হয়ে তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সর্দার বাড়ী স্টেশনে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আবু ছায়েদ নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



