নিউজ ডেস্কঃ মিয়ানমারে দমন-পীড়নে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ভারতের প্রথম দফার ৫৩ মেট্রিক টন ত্রাণ চট্টগ্রামে পৌঁছেছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ বিমানে এসব ত্রাণ এসে পৌঁছায়। এ ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, বিস্কুট, লবণ, চিনি, সাবান, মশারি ও গুঁড়ো দুধসহ বিভিন্ন পণ্য।
চট্টগ্রাম বিমানবন্দরের এ ত্রাণ গ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসব ত্রাণ হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা।
এসময় হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত বাংলাদেশের মানবিক প্রচেষ্টার সমর্থন করতে জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ মানবিক সহায়তায় পাশে থাকবে ভারত।
শ্রিংলা বলেন, চলমান মানবিক পরিস্থিতি নিয়ে ভারত গভীর উদ্বিগ্ন। শরণার্থীদের গ্রহণ ও থাকতে দেয়ার জন্য বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়। এই ত্রাণ সামগ্রী উখিয়া, টেকনাফ এবং নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা শিবিরে বিতরণ করা হবে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীসহ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এর আগে সকাল সোয়া ৯টায় রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে মরক্কো থেকে একটি বিমান এসে পৌঁছায়।
জাতিসংঘের মতে, ২৫ আগস্টের পর ৩ লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান নিয়েছে।



