গ্রাম পুলিশকে তৃণমূল পর্যায়ের সরকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সঙ্গে সরকারের যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে গ্রাম পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলায় ৬৪ জন গ্রাম পুলিশের মধ্যে সাইকেল, পোশাক এবং তাঁদের স্ত্রীদের জন্য শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, রাজধানী থেকে প্রধানমন্ত্রী যদি প্রত্যন্ত অঞ্চলের কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে সেই যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছেন গ্রাম পুলিশ। এ অর্থে গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকারের প্রতিনিধিত্ব করে।
গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক ও গুরুত্বপূর্ণ কাজে গ্রাম পুলিশকে সম্পৃক্ত করা হয়। পরিকল্পিতভাবে এই জনবলকে কাজে লাগাতে পারলে জনগণকে সেবা দেওয়া আরও সহজ হবে। এ চিন্তা থেকেই সরকার তাঁদের জন্য প্রণোদনার পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পোশাক, জুতা ও সাইকেল দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ বাহিনীর উদ্দেশে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন। এ সময় গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথাও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানান তিনি।
বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনসহ স্থানীয় নেতারা।
এদিকে একই দিন দুপুরে উপজেলা অডিটোরিয়ামে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন জহির উদ্দিন স্বপন। পরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় সরকারি গৌরনদী কলেজ ও আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।




